বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীর। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ এই ফুটবলার বেশ সাড়া ফেলেছেন। এবার হামজার মতো ভালো মানের খেলোয়াড় খুঁজে বের করার জন্য দেশের সব ক্রীড়া ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়ে খেলেন এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া ফেডারেশনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বুধবার একটি নির্দেশনা দিয়েছে। এনএসসি সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষর করা চিঠি সব ফেডারেশন সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহীকে দেওয়া হয়েছে।
ফুটবলের মতো অন্য খেলাগুলোতেও বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। প্রবাসী খেলোয়াড়রা এলে আন্তর্জাতিক অঙ্গনে আরো সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের। প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলতে হলে পাসপোর্ট, জন্মনিবন্ধন, বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদসহ আরো অনেক বিষয়ে আনুষ্ঠানিকতার ব্যাপার থাকে। এ-সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য রাজি হয়েছেন বলে এনএসসির চিঠিতে উল্লেখ রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের অনুকূলে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্পৃক্ত রয়েছে। ফুটবলের বাইরে অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স ও সাঁতারে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের দ্রুততম মানব ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতেছেন, যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাস। ২০১২ সালে আমেরিকান প্রবাসী সাইক সিজার লন্ডন অলিম্পিকে খেলেছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে তিনি আমেরিকান জিমন্যাস্টিক্স দলের সহকারী কোচ ছিলেন। নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদির ২০২২ সালে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। ২০২৩ হাংজু এশিয়ান গেমসে আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস অংশ নিয়েছিলেন। যদিও তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেননি। ২০২০ টোকিও অলিম্পিকে লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

