সুখস্মৃতি ফেরাতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

সুখস্মৃতি ফেরাতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত তুলে ধরেন ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ফলের কথা। সেবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের ওই স্মৃতি টেনে এনে হয়তো নিজেদের অনুপ্রাণিত করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সতীর্থদেরও হয়তো সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে মাঠে নামতে বলবেন অধিনায়ক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনেক কথাই বলেছেন শান্ত। সেসবের সারাংশ করলে দাঁড়ায়- তিনি জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না। টুর্নামেন্টের শুরুটা করতে চান জয় দিয়েই।

গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টি-টোয়েন্টির চার-ছক্কায় ব্যস্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সময়ের হিসাবে ৯৯ দিন পর ফের ৫০ ওভারের ক্রিকেট মাঠে নামবে। টি-টোয়েন্টি চার-ছক্কার অভ্যস্ততা ওয়ানডেতে প্রভাব পড়তে পারে- এমনটাই ভাবছেন সবাই। তবে অধিনায়ক শান্ত অবশ্য সেসব মনে করেন না। তার কথায়, ‘সম্প্রতি বিপিএল শেষ করে এসেছি, ব্যাটার ভালো করেছে এবং অনেক রান করেছে। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। মনে হয় না, এই ফরম্যাটে মানিয়ে নিতে এটা কোনো সমস্যা হবে।’ চ্যাম্পিয়নস ট্রফির আগে বিপিএলের অভ্যস্ততা কাটাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানেও অবশ্য জয়ের দেখা পায়নি। প্রস্তুতি ম্যাচের হার ভারতের বিপক্ষে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না শান্ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা আমাদের ওপর প্রভাব ফেলবে না। প্রস্তুতি ম্যাচে আমরা অনেকগুলো বিষয় দেখেছি। সবাই ব্যাটিং-বোলিং করার সুযোগ পেয়েছে। এটা প্রস্তুতির অংশ ছিল।’ অন্যদিকে পুরো ম্যাচ নিয়ে কেমন পরিকল্পনা হচ্ছে- তেমন কোনো আভাস ছিল না শান্তর কথায়। তবে তার বিশ্বাস, পাকিস্তানের উইকেটের মতো হাইস্কোরিং ম্যাচ হবে না দুবাইয়ে। তার কথায় স্পষ্ট, ব্যাপারটি মাথায় রেখেই ইনিংস সাজাবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশ নিয়েও পাওয়া গেছে খানিকটা আভাস। মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়- তিনজনের একসঙ্গে খেলা হবে না একাদশে। আজকের ম্যাচে হৃদয়ের হয়তো জায়গা হবে সাইড বেঞ্চে।

অন্যদিকে ভারত ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নাহিদ রানা ও বাংলাদেশের বোলিং ইউনিট। বাংলাদেশের পেস বোলিংয়ের এই তরুণ তুর্কিকে নিয়ে এক প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘নাহিদ রানা একটু বেশি ফোকাস পাচ্ছে। কিন্তু মনে হয় না সে চাপ অনুভব করবে। কারণ, সে বড় টুর্নামেন্ট খেলে এসেছে। কালকে (আজ) যদি খেলার সুযোগ পায়, আশা করি সেরাটা দেবে।’ পেস বোলিং নিয়ে প্রশ্নের উত্তরে শান্তর ভাষ্য ছিল, তিনি খুশি পেসারদের পারফরম্যান্সে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে এসেছে রোহিত শর্মার দল। শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা, শ্রেয়াস আইয়াররা আছেন বেশ দারুণ ছন্দে। তাতে খানিকটা আন্দাজ করা যাচ্ছে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপেক্ষায় আছে ভারত। সেই বাধা পেরিয়ে জয় দিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্ট শুরু করতে পারে কি না- সেটাই এখন দেখার অপেক্ষা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন