নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি পেয়েছে ভারত। তাতে সফরকারীরা স্বাগতিক ইংল্যান্ডের সামনে ছুড়ে দেয় ৩৭১ রানের টার্গেট। জয়ের স্বপ্ন স্বাভাবিকভাবেই বুনে ফেলেছিল ক্যাপ্টেন শুবমানের গিলের দল। কিন্তু নাটকীয়তা শেষে শেষ হাসি হাসে দুই সেঞ্চুরি পাওয়া ইংল্যান্ড। এমন ম্যাচে দলের হারটা ঠিক মানতে পারছেন না সুনীল গাভাস্কার। রাগে ফুঁসছেন এ ক্রিকেট লিজেন্ড। ভারতীয় ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে জনপ্রিয় এ ধারাভাষ্যকার বললেন, এ দল তো খুব সাধারণ মানের।
জাসপ্রিত বুমরা বাদে বাকি বোলারদের ক্ষুরধারহীন বোলিংয়ের সঙ্গে বাজে ফিল্ডিং মূলত ডুবিয়েছে ভারতকে। অনেক দিন ইংল্যান্ডে থেকেও সেখানকার কন্ডিশনকে কাজে লাগাতে পারেনি ভারত। অধিনায়ক শুবমান গিল নেতৃত্বে দক্ষতার পরিচয় দিতে পারেননি। কখন কোন বল করতে হবে, কখন কোন বোলারের হাতে বল তুলে দিতে হবে। এই ব্যাপারগুলো ঠিকঠাক করতে পারেননি ভারতীয় অধিনায়ক।
শুধু ক্যাচ মিস নয়, ভারতের হারের জন্য এলোমেলো ফিল্ডিংয়ের দায় দেখছেন গাভাস্কার, ‘জয়ের পুরো কৃতিত্ব ইংল্যান্ডের। ভারত পাঁচটা শতরান করলেও আত্মবিশ্বাস ইংল্যান্ডের বেশি ছিল। তাই জন্যই শেষ দিকে একের পর এক উইকেট ফেলতে পেরেছে। ভারতের ফিল্ডিংয়ের সময় শুধু ক্যাচ পড়া নয়, সামগ্রিক ফিল্ডিংই ছিল খুব সাধারণ মানের। টেস্টের মানেরই নয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

