নারী কাবাডি টেস্ট সিরিজ

কাবাডির স্পন্সর বিপিএল জয়ী ফরচুন বরিশাল

কাবাডির স্পন্সর বিপিএল জয়ী ফরচুন বরিশাল

প্রথমবারের কাবাডি টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ নেপাল। দক্ষিণ এশিয়া অঞ্চলে বেশ শক্তিশালী তারা। নানা দিক থেকে অনেক এগিয়ে থাকা নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে নিজেদের যাচাই করে নিতে চায় বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে কাঠমান্ডুতে শুরু হচ্ছে সিরিজ। এই সিরিজ খেলতে যাওয়ার আগে আজ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে দলের প্রস্তুতি ও লক্ষ্য, দল ঘোষণা ও স্পন্সরের নাম ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন। বাংলাদেশ নারী দলের ঐতিহাসিক কাবাডি টেস্ট সিরিজের স্পন্সর হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। মালেকা বলেন, ‘নেপাল আমাদের চেয়ে শক্তিশালী দল এটা ঠিক আছে। কিন্তু কেউ হারতে যাবে না। জয়ের লক্ষ্য নিয়ে যাবে সবাই। আমাদের অনুশীলন অনেক ভালো হয়েছে। নতুন খেলোয়াড়দের সাহস বাড়বে নেপালের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে। যা আমাদের আগামীতে অনেক কাজে দেবে।’ আরদুজ্জামান মুন্সী বলেন, ‘নেপাল ভারতে দীর্ঘদিন অনুশীলন করেছে। তবে আগের চেয়ে আমাদের টিম ভালো। সিরিজ জয়ের আশা করছি নেপালে।’

আগামী জুনে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি রয়েছে। এ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘নেপালের সঙ্গে আমরা এসএ গেমস ও এশিয়ান গেমসে হেরেছি। নেপালের সঙ্গে এই সিরিজ সামনে আমাদের অনেক কাজে দেবে। পাঁচটা ম্যাচ খেললে আমরা দল সম্পর্কে জানতে পারব। কোথায় আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারব। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা। বিশ্বকাপের আগে ভারতের রাজ্য দলের সঙ্গেও আমরা খেলব।’

আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন