ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের শেষ রাউন্ডের আগেই টেস্ট দলের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশ দেয় বিসিবি। তবে ক্লাবগুলোর আপত্তির পর আপাতত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বিসিবি। আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম পর্বের শেষ রাউন্ড পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন। আগামী ১২ এপ্রিল প্রথম পর্ব শেষে সিলেটে ক্যাম্পে যোগ দেবেন সাদা পোশাকের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ এপ্রিল থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পিছিয়ে আগামী ১৩ বা ১৪ এপ্রিল থেকে শুরু হবে এই ক্যাম্প। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

