বিশ্বকাপের টিকিট পেয়ে উজবেকিস্তান-জর্ডানের ইতিহাস

বিশ্বকাপের টিকিট পেয়ে উজবেকিস্তান-জর্ডানের ইতিহাস

এখন পর্যন্ত নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যই পেল উজবেকিস্তান ও জর্ডান। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এই দুই দল।

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। তাদের বিপক্ষে হার এড়ালেই চলতো উজবেকিস্তানের। এমন সমীকরণে গোলশূন্য ড্র করেছে দলটি। এই ড্রয়ে শীর্ষ দুইয়ে থেকে বাছাইপর্ব শেষ করবে উজবেকিস্তান- সেটা এখন নিশ্চিত। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। ৫ জয়ের বিপরীতে একটিতে হেরেছে উজবেকিস্তান। বাকি ম্যাচ তিনটি ড্র হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানকে ৩-০ গোলে হারিয়েছে জর্ডান। ৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। টেবিলের দুইয়ে অবস্থান করছে জর্ডান। এই দুই দলের পাশাপাশি বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। টানা ১১ বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠার পথে ইরাককে ২-০ গোলে হারিয়েছে তারা।

২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আয়োজক হিসেবে এই তিন দল বিশ্বকাপ খেলবে। স্বাগতিক তিন দল ছাড়া আরও সাত দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ছাড়া বাকি দল চারটি হলো নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, ইরান ও জাপান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন