ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখানো পথেই হাঁটতে যাচ্ছে ছেলে। বাবার মতো ক্রিশ্চিয়ানো জুনিয়র দস সান্তোস অ্যাভেইরো বনে যাচ্ছে পেশাদার ফুটবলার। সুপারস্টার পিতার সন্তান বলে কথা। তার ওপর গণমাধ্যমের লাইমলাইট থাকাটাই স্বাভাবিক। তাই একটি বিষয় নিয়ে আলোচনাও হয়েছে ঢের- রোনালদো তনয় খেলবে কোন দেশের হয়ে?
নানা কারণে তার সামনে ছিল পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ। তবে রোনালদোপুত্র দেশ বাছাই করতে অবাক করা কোনো সিদ্ধান্ত নেয়নি। বাবার জন্মভূমি পর্তুগালকেই বেছে নিয়েছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ১৪ বছরের রোনালদোপুত্র নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে যাচ্ছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের জার্সিতে। পিতৃভূমির বয়সভিত্তিক জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছে রোনালদো জুনিয়র।
ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন বয়সভিত্তিক ফুটবলের মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে সৌদি ক্লাব আল নাসরের জার্সি গায়ে। তার আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছে রোনালদোপুত্র। ক্রিশ্চিয়ানো জুনিয়র পর্তুগালের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করবে ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে। ক্রোয়েশিয়ার মাটিতে এ আসর বসবে ১৩ থেকে ১৮ মে পর্যন্ত। এ টুর্নামেন্টে পর্তুগালের যুবদল লড়াই করবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

