আবারও পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চান দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন। তবে জুড়ে দিয়েছেন শর্ত। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ভারতের বিশ্বকাপজয়ী এই কোচ কাজের সঠিক পরিবেশ ও সিন্ডিকেট মুক্ত বোর্ড পেলে তবেই যেতে চান। সম্প্রতি উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
উইজডেন ক্রিকেট প্যাট্রিয়ন পডকাস্টে কারস্টেন বলেন, ‘যদি আমাকে ফের পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়, আমি যাব। তবে সঠিক পরিবেশে শুধু ক্রিকেট ও খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চাই।’
কারস্টেন আরও বলেন, 'এটা ছিল অস্থির কয়েকটা মাস। আমি দ্রুত বুঝে গিয়েছিলাম যে, এখানে আমার প্রভাব খুবই সীমিত হবে। যখন আমাকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে শুধু দল পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, তখন কোচ হিসেবে ইতিবাচক প্রভাব ফেলা খুব কঠিন হয়ে দাঁড়ায়।'
২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পান কারস্টেন। এরপর দল নির্বাচনে পিসিবির হস্তক্ষেপের কারণে সেই বছরের অক্টোবরেই দল ছাড়েন কারস্টেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

