সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের অবিশ্বাস্য জয়টি মাঠের সীমানা পেরিয়ে এখন রূপ নিয়েছে এক বিশাল বিতর্কে। রোমাঞ্চকর ওই ম্যাচের পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনায় রেফারিংয়ের ওপর আনা পক্ষপাতিত্বের অভিযোগ এবং আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) হওয়া ভয়াবহ সাইবার হামলা।
ম্যাচ শেষের উত্তেজনার মধ্যেই নতুন বিতর্ক উসকে দেয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’। গত মঙ্গলবার তারা জানায়, এএফএর অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়, যেখানে লেখা ছিলÑ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং এ ফলাফল আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। মেইলগুলোয় মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ। তাদের দাবি, তারা এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে এবং ওই মেইলগুলো তাদের নয়। এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে রয়েছে।
বিবৃতিতে এএফএ জানায়, ‘আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’
একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে এএফএ বলেছে, সম্প্রতি তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, লিংক বা ফাইল যেন সবাই এড়িয়ে চলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তারা আশ্বস্ত করেছে।
আটলান্টায় নকআউট পর্বের ওই ম্যাচে এক সময় ২-০ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে রূপকথা লেখার অপেক্ষায় ছিল মিসর। কিন্তু শেষ ১১ মিনিটে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের করা গোলে ৩-২ ব্যবধানের এক ঐতিহাসিক জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ওই হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেয় মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার দলের বিরুদ্ধে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্বের আনুষ্ঠানিক অভিযোগ এনে ফিফার কাছে তাদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানায় মিসর। দলটির কোচ হোসাম হাসান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে... সম্ভবত তারা বিশ্বচ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন প্রতিযোগিতায় টিকে থাকে। এ ফলাফলের পেছনে আর্জেন্টিনার পক্ষ থেকে একটি অদৃশ্য চাপ কাজ করেছে।’
মাঠের বাইরের উত্তপ্ত পরিস্থিতি এবং সাইবার হামলার ধকল সামলে আর্জেন্টিনাকে এখন তাকাতে হচ্ছে মাঠের ফুটবলে। সব বিতর্ককে পেছনে ফেলে আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। সেমিফাইনালের টিকিট কাটতে বিশ্বচ্যাম্পিয়নরা মাঠের পারফরম্যান্সে কতটা মনোযোগী হতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন