সিরিজ বাঁচানোর জন্য চারদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততেই হতো বাংলাদেশ ‘এ’ দলকে। এমন সমীকরণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করেছে স্বাগতিকরা। এই ড্রয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।
আগে ব্যাট করে তিন ফিফটিতে ৩৫৭ রান করে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে ৮২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম। ৬৭ রান এনে দেন অমিত হাসান। সাইফ হাসানের অবদান ৫১ রান। নিউজিল্যান্ডের হয়ে জেডন লেনক্স ও বেন লিস্টার তিনটি করে উইকেট নেন।
জবাবে ৩৭৯ রানে থামে নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস। ব্ল্যাক ক্যাপসদের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন নিক কেলি। ৭১ রান আসে কার্টিস হেফির ব্যাট থেকে। জো কার্টার খেলেন ৬২ রানের ইনিংস। ১০২ রানে ৪ উইকেট নেন নাইম হাসান। খালেদের শিকার তিনটি।
২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় ও সাইফকে হারায় তারা। আউট হওয়ার আগে এই দুজন করেন যথাক্রমে ২৪ ও ১৬ রান। বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান করলে নির্ধারিত সময়ের আগেই ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। জাকির হাসান ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

