বয়সের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠলেন না ক্রেইগ ব্রাথওয়েট। ১৪ বছরের ক্যারিয়ারে ১০০ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন তেজনারাইন চন্দরপল।
যথারীতি দলের নেতৃত্বে আছেন রোস্টন চেইস। দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার আলিক আথানেজকে। দ্বিতীয় স্পিনার হিসেবে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন এখনও টেস্ট না খেলা খ্যারি পিয়ের।
চান্দারপল এখনও পর্যন্ত খেলেছেন ১০ টেস্ট। সবশেষটি গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে। ২০২২ সালে অস্ট্রেলিয়াতেই অভিষেক ইনিংসে ফিফটি ও পরের দুই ইনিংসে ৪৫ ও ৪৭ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল বাঁহাতি ওপেনারের। তৃতীয় টেস্টেই করেছিলেন ডাবল সেঞ্চুরি।
দলে ফেরা আরেক বাঁহাতি ব্যাটসম্যান আথানেজ টেস্ট খেলেছেন ১৩টি। সবশেষটি এই বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে। পিয়ের ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। এবার ভারত সফরে টেস্ট ক্যাপ পাওয়ার সম্ভাবনা তার প্রবল।
আগামী ২৪ সেপ্টেম্বর আহমেদাবাদে পা রাখবে ক্যারিবিয়ানরা। প্রথম টেস্ট শুরু ২ অক্টোবর, পরেরটি দিল্লিতে ১০ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চান্দারপল, জাস্টিন গ্রেভস, শেই হোপ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খ্যারি পিয়ের, জেডেন সিলস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

