শেষ বলের ছক্কায় 'বিশ্বরেকর্ড'

শেষ বলের ছক্কায় 'বিশ্বরেকর্ড'

ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয় কিংবা বিশ্বরেকর্ডের নজির অগুনতি। এবার শেষ বলে ছক্কা হাঁকিয়ে বিরল এক বিশ্বরেকর্ডে নাম লেখালেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার জেন ম্যাগুয়ের। নিজের ইনিংসের প্রথম ও দলীয় শেষ বলে ছক্কাটি হাঁকান তিনি। ক্রিকেট ইতিহাসে এর আগে শেষ বলে ছক্কা মেরে অনেক ক্রিকেটারই ম্যাচ জিতিয়েছেন। তবে নিজের ইনিংসের প্রথম বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো প্রথম ক্রিকেটার বনে গেলেন ম্যাগুয়ের।

ঘটনাটি ঘটেছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ম্যাচ জিততে শেষ বলে জয়ের জন্য আইরিশদের প্রয়োজন ছিল ৪ রান। তখনই ক্রিজে আসেন ম্যাগুয়ের। বোলিংয়ে ছিলেন আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। সাদিয়ার ফুল টস পেয়ে সোজা উড়িয়ে মেরে দলকে ৪ উইকেটের জয় এনে দেন ম্যাগুয়ের। মজার ব্যাপার হলো, এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছক্কা ছিল না ম্যাগুয়েরের, ঘরোয়া ক্রিকেটেই ছক্কা ছিল কেবল ১টি!

ম্যাচ শেষে ম্যাগুয়ের বলেন, ‘মাত্র এক বল হাতে ছিল, খুব একটা ভালো লাগছিল না। রেবেকা স্টোকেল বলেছিল নিজের শক্তির জায়গা থেকে মারতে। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান তোলে পাকিস্তান। জবাবে আয়ারল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তুলে জিতে যায়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ পকেটে পুরলো আয়ারল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন