আলভারেজের পেনাল্টি বিতর্ক

বদলে যেতে পারে টাইব্রেকারের নিয়ম

বদলে যেতে পারে টাইব্রেকারের নিয়ম

জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া টাইব্রেকার গোল নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে ফুটবল দুনিয়ায়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টাইব্রেকারে শট নেওয়ার আগে আর্জেন্টাইন এ তারকা ফুটবলারের দুই পা বলে স্পর্শ করেছিল কি না, এ নিয়েই চলছে তোলপাড়। অনেকে বলছেন, আলভারেজের পা পিছলে গিয়েছিল বটে, তবে শেষ অবধি তার পা বল ছুঁতে পারেনি।

আবার অনেকে বলছেন, বলে আলভারেজের পা ঠিকই স্পর্শ করেছিল। রেফারি তো ভুল করতে পারেন না। পরে এই বিতর্কের সমাধান পেতে উয়েফার দ্বারস্থ হয়েছে ক্লাব আতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবটির অভিযোগ বিবেচনায় নিয়ে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘটনার ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে বিবৃতি দিয়ে জানায়, ‘যদিও সামান্য, তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পাটিও বল স্পর্শ করেছিল। আর বর্তমান আইন (ল’জ অব দ্য গেইম, আইন ১৪.১) অনুযায়ী রেফারিকে ভিএআরের সহায়তা নিয়ে গোল বাতিলের বার্তাই দিতে হতো।’

আলভারেজের এই বিতর্কিত টাইব্রেকারের পর এ নিয়ে নতুন নিয়ম প্রবর্তনের কথা চিন্তা-ভাবনা করছে উয়েফা। বিবৃতিতে আরো যোগ করে তারা জানায়, ‘উয়েফা বিষয়টি নিয়ে ফিফা এবং আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সঙ্গে আলোচনা করবে। যেখানে তারা অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কি না, সেটা নির্ধারণ করবে।’

উয়েফার বিবৃতি নিয়ে আতলেতিকো এখনো অবশ্য কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে বুধবার রাতে রেফারির গোল বাতিলের সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি কখনো শুটআউটের পেনাল্টির জন্য ভিএআরের শরণাপন্ন হতে দেখিনি। কখনো না।’ বলটি আদৌ নড়েছে কি না, সবার সামনে সেই প্রশ্নও রাখেন সিমিওনে। এমনকি যারা বলটিকে নড়তে দেখেছেন, তাদের তিনি হাত তুলতে বলেন, ‘আপনারা যারা জুলিয়ানকে দ্বিতীয়বার বল স্পর্শ করতে দেখেছেন, তারা হাত তুলুন। কেউ হাত তুলবেন? কেউই হাত তোলেননি। এর বেশি আর কিছুই আমার বলার নেই...।’

মাঠের রেফারি গোল বাতিল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও যারা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের এক হাত নিয়েছেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া, ‘উয়েফা এটা পরিষ্কার দেখেছে- হারের পর নিজেদের অন্যায়ের শিকার ভাবাটা ভালো লাগে না। এসব নিয়ে ওরা সব সময়ই ঘ্যান ঘ্যান করে। রেফারি নির্দিষ্ট কোনো দলকে সাহায্য করতে চান না, সেটা স্পেনেও না, ইউরোপেও না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন