ফিফা নারী ফুটসাল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৪৪তম। যেখানে ভারত ৮৭তম অবস্থানে রয়েছে। গত শুক্রবার ফিফা ফুটসালের র্যাংকিং প্রকাশ করে। এরই মধ্যে ফুটসালের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই প্রথমবারের মতো গঠন করা হয়েছে পুরুষ ফুটসাল দল।
এজন্য ইরানি কোচও নিয়োগ দিয়েছে বাফুফে। আন্তর্জাতিক ফুটসালে অংশ না নেওয়ায় পুরুষ ফুটসালে বাংলাদেশ ফিফা র্যাংকিংয়ের বাইরে। পুরুষ ফুটসালে এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের। সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। যদিও ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।
সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশ নেওয়া ম্যাচ। এএফসি নারী ফুটসালে এশিয়া কাপ ২০১৫ সালে শুরু করেছে। তিন বছর পর ২০১৮ সালে দ্বিতীয় আসরে খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল নিবন্ধন দেওয়ায় বাছাইয়ের পরিবর্তে মূল পর্ব হয়েছে সরাসরি। সাত বছর বিরতি দিয়ে এবার নারী এশিয়ান ফুটসালের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

