গলে ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের যাত্রা শুরু। দীর্ঘ ১৬ বছর পর সেই গলে নিজের বিদায়ী টেস্ট খেলবেন। দেড় দশকের ব্যবধানে ভেন্যু একই হলেও প্রতিপক্ষ বদলেছে। ম্যাথিউসের বিদায়ী টেস্টে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ। যেই বাংলাদেশের বিপক্ষে বিদায়ি টেস্ট খেলতে নামছেন, সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউসের আছে ভুলে যেতে চাওয়ার মতো স্মৃতি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হওয়ার লজ্জার রেকর্ড গড়েন ম্যাথিউস। বিদায়ী টেস্টের আগে ম্যাথিউস অবশ্য টাইমড আউট বিতর্ককে আর উসকে দেননি। বরং, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে থাকা সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকার কথাই তুলে ধরেছেন।
গতকাল বিদায়ী টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেখানে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেখানেই বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট বিতর্ক নিয়ে কথা ওঠে। এ নিয়ে তিনি বলেন, ‘ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিপক্ষে (ব্যক্তিগতভাবে) আমার কিছু নেই। আমাদের সঙ্গে সব সময় ভালো (আচরণ) করেছে ওরা। ওই সময় আমাদের কিছু বাক্যবিনিময় হয়েছিল, কিন্তু আমি ক্ষোভ ধরে রাখি না। ক্ষোভ ক্রিকেটের জন্য খারাপ শব্দ।’
ক্ষোভ ধরে রাখেননি এই প্রশ্নের জবাবে আরো একটু বিস্তারিতভাবে কথা বলেছেন ম্যাথিউস। এ নিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে অনেক খেলেছি। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটও খেলেছি ওখানে। আমি খুব উপভোগও করেছি তখন। তারা সবাই আমার ভালো বন্ধু।’
বিদায়ী টেস্টের আগ পর্যন্ত সাদা পোশাকে ম্যাথিউসের নামের পাশে আছে দারুণ রেকর্ড। এখন পর্যন্ত ১১৮ টেস্টে ৪৪.৬২ গড়ে তার ব্যাটে এসেছে ৮ হাজার ১৬৭ রান। এ সময় তার ব্যাটে ছিল ১৬ সেঞ্চুরি আর ৪৫ হাফ সেঞ্চুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

