তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার (২৫ মে) পাকিস্তান পৌঁছায় বাংলাদেশ দলের প্রথম বহর। সূচি অনুযায়ী, দ্বিতীয় বহরের ক্রিকেটাররা আজ দেশটিতে পৌঁছেছে।
প্রথম বহরে পাকিস্তান যান ১০ জন। এর মধ্যে তিনজন ক্রিকেটার। তারা হলেন পারভেজ হোসেন ইমন, তানজিম ইসলাম সাকিব ও তানভীর ইসলাম। বাকি ছয়জনের মধ্যে আছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং কয়েকজন সাপোর্ট স্টাফ।
দ্বিতীয় বহরে পাকিস্তানের মাটিতে পা রেখেছেন জাকের আলী অনিক, শামিম পাটোয়ারি, তানজিদ হাসান তামিম ও শেখ মাহেদি। মূলত নিরাপত্তাজনিত কারণে ধাপে ধাপে পাকিস্তান যাচ্ছেন ক্রিকেটাররা।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন নাহিদ রানা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। রানার মতো ফিল্ডিং কোচ জেমস পামেন্ট ও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিকেও পাকিস্তান সফরে পাচ্ছে না বাংলাদেশ।
এদিকে সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান এই পেসার। তার আঙুলে চিড় ধরেছে। ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। কাটার মাস্টারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

