চলতি বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স ফুটবল বিশ্বে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করার পাশাপাশি ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই মাঠ ছাড়ায় দর্শকদের বিদ্রুপের মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে এই কঠিন পরিস্থিতিতে সিআর সেভেনের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন এবং রোনালদোর জাতীয় দলের সতীর্থ রুবেন দিয়াজ।
ডেইলি মেইলে প্রকাশিত এক নিবন্ধে মাইকেল ওয়েন পর্তুগাল অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘পর্তুগাল ম্যাচের আগের দিন মেসি হ্যাটট্রিক করেছে। পরদিন রোনালদো পারেনি। তার মানে এ নয় যে, ওর সমালোচনা করতে হবে। আমি তার পাশে আছি।’ ওয়েনের মতে, পরের ম্যাচেই যদি রোনালদো হ্যাটট্রিক করেন তো তিনি অবাক হবেন না। ওয়েন লেখেন, ‘আমি নিশ্চিত, পরের ম্যাচে ও সবার মুখ বন্ধ করে দেবে। এমন ঘটনা তো কতবারই ঘটেছে। রোনালদো মাঠে থাকা মানে ও যে কোনো মুহূর্তে গোল করতে পারে। যদি উজবেকিস্তানের বিপক্ষে সে হ্যাটট্রিক করে, তাহলে আমি অবাক হব না।’
অন্যদিকে দলের সেরা তারকাকে নিয়ে পর্তুগাল শিবিরে কোনো সংশয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিফেন্ডার রুবেন দিয়াজ। রোনালদোর মানসিক শক্তির প্রশংসা করে দিয়াজ বলেন, ‘রোনালদোকে নিয়ে আমরা একটুও চিন্তা করছি না। একটু চিৎকার হচ্ছেÑএই যা। এটা তো খেলারই অংশ। রোনালদো এমন দৃশ্য বহুবার দেখেছে। সে চ্যাম্পিয়নের মতো ফিরেছে। আবারও ফিরবে।’
প্রথম ম্যাচের হতাশা ভুলে পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ এখন উজবেকিস্তান। মাঠের বাইরের এই তুমুল সমালোচনাকে পেছনে ফেলে রোনালদো কীভাবে স্বমহিমায় ফিরবেন, ফুটবলপ্রেমীদের নজর এখন সেদিকেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

