যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় সাফল্যের দাবি ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় সাফল্যের দাবি ইরানের
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার ফলাফল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি এই আলোচনা থেকে ‘ভালো অর্জন’ হয়েছে বলে দাবি করেছেন।

গালিবাফ বলেন, ‘আমার দৃষ্টিতে এই সফরের ভালো কিছু অর্জন রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত এবং ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা তহবিল মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। এটি আমাদের এগিয়ে যাওয়ার একটি অন্যতম পদক্ষেপ। অবশ্য আমরা বিশ্বাস করি যে, আমরা এখনো এ কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি নিশ্চিত করেন, অবরুদ্ধ তহবিলের ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি ইতোমধ্যে অবমুক্ত করা হয়েছে।

গালিবাফ জানান, চূড়ান্ত কোনো চুক্তি এখনো না হওয়ায় ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তিনি বলেন, ‘এ কারণে আমাদের তেল বিক্রি এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নিষেধাজ্ঞা স্থগিতের সুবিধা পাওয়া প্রয়োজন ছিল। এই সুবিধাগুলো এখন নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে।’

লেবানন প্রসঙ্গে গালিবাফ বলেন, ‘আমরা সেখানে সমন্বয়ের কাজ পরিচালনা করার জন্য একটি কেন্দ্র বা সেন্টার স্থাপনের বিষয়ে একমত হয়েছি।’

এই কেন্দ্রটি যেকোনো ধরনের বিরোধের সমাধান করবে। তিনি আরো বলেন, ‘এর উদ্দেশ্য হলো পুনরায় যেন যুদ্ধ শুরু না হয় তা প্রতিরোধ করা, মানুষ যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, ইসরাইলের দখল করা এলাকাগুলো যেন খালি করা হয় এবং লেবাননের জাতীয় সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে।’

হরমুজ প্রণালির বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘সবার জানা উচিত যে, এই প্রণালির ব্যবস্থাপনা কখনোই যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা হরমুজ প্রণালিতে একটি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়েছি। এর মধ্যে একটি হটলাইন এবং একটি কেন্দ্র থাকবে, যাতে যেকোনো ধরনের অস্পষ্টতা বা বিরোধ তৈরি হলে সেখানে যোগাযোগ করা যায়।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন