কালোবাজারে সার বিক্রির সময় আ.লীগ নেতা আটক

কালোবাজারে সার বিক্রির সময় আ.লীগ নেতা আটক

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে রাতের আঁধারে কালোবাজারে বিক্রির সময় ডিলার ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম ইলিয়াস হাওলাদার। এ ঘটনায় স্থানীয় জনগণের সহযোগিতায় ২৫০ বস্তা (সাড়ে ১২ টন) ডিএপি সার উদ্ধার ও পাচারের ট্রাক জব্দ করা হয়েছে।

গত বুধবার রাতে ভাঙ্গার মালিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইলিয়াস উপজেলার চান্দ্রা ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী আমলে তিনি এই সারের ডিলারের অনুমোদন পেয়েছিলেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃত্রিম সার সংকট সৃষ্টির লক্ষ্যে আওয়ামী সরকারের অনুমোদিত ডিলারদের কারো কারো বিরুদ্ধে কৃষকদের সার না দিয়ে কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে। উপজেলা কৃষি বিভাগ তাদের চিহ্নিত করতে ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারদের সংশ্লিষ্ট বিষয়ে দৃষ্টি রাখতে বলা হলেও এসব ডিলারদের অনেকে কালোবাজারে সার বিক্রি করতে মরিয়া হয়ে ওঠেন।

বুধবার রাতে ইলিয়াস চান্দ্রা বাজারের নিজের গোডাউন থেকে কালোবাজারে ডিএপি সার বিক্রি করতে ট্রাকে লোড করছিলেন। স্থানীয় জনগণ খবর পেয়ে সারভর্তি ট্রাকের চারপাশ তারা ঘিরে রাখেন। পরে ৯৯৯ কল করে ঘটনাটি পুলিশ এবং ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুনকে জানান।

খবর পেয়ে ভাঙ্গা থানার ওসি, কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। ঘটনার সত্যতা পেয়ে পুলিশ সারভর্তি ট্রাকসহ মালামাল জব্দ করেন। এ সময় ট্রাক অবস্থানকারী আওয়ামী লীগ নেতা ইলিয়াসকে আটক করে।

কৃষি অফিসার আল মামুন বলেন, সারের কৃত্রিম সংকট যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য উপর মহল থেকে নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস সব সময় সচেতন রয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, সরকারি সার কালোবাজারের বিক্রির উদ্দেশ্যে রাতে ট্রাকে করে নেওয়া হচ্ছে বলে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সার উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ডিলারকে সার উদ্ধার এবং ট্রাকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...