নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেটে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেটে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ অংশ নিতে সিলেট জেলায় ইতোমধ্যে ৪০ হাজার এবং সিলেট মহানগর এলাকায় ৩,০০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস—এ ১০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে গড়াবে এ আয়োজন।

বৃহস্পতিবার নগরভবনের সভাকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামেও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নগরে খেলার মাঠের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে আবদুল কাইয়ুম বলেন, প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন মহল্লার পরিত্যক্ত জায়গা চিহ্নিত করে মাঠে রূপান্তরের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন মাঠগুলো সংস্কার করা হবে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে এবং সিসিক সচিব আশিক নূরের সঞ্চালনায় সভায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, পুলিশ এবং সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন