ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক কিংবা উত্তেজনার মুহূর্তে হাত দিয়ে মুখের ঢেকে কথা বলা নতুন কিছু নয়। তবে এবার সেই অভ্যাসই বড় বিপদ ডেকে এনেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে 'ভিনি জুনিয়র প্রটোকল' ভাঙার দায়ে সান্তোসের এই ফরোয়ার্ডকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি শুনানিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। উত্তেজনার একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কিছু একটা বলেন তিনি।
মূলত বর্ণবাদী মন্তব্যসহ যেকোনো আপত্তিকর কথাবার্তা আড়াল করার প্রবণতা ঠেকাতেই ফিফার শৃঙ্খলাবিধিতে 'ভিনি জুনিয়র প্রটোকল' বা 'ভিনি জুনিয়র আইন' চালু করা হয়েছে। এই নিয়মের আওতাতেই নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান তিনি, যা মাঠে আরও উত্তেজনা ছড়িয়ে দেয়। ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এর ভিত্তিতেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল নেইমারের। নতুন করে পাওয়া দুই ম্যাচের শাস্তির সঙ্গে সেই নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা। এই শাস্তির ফলে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও এক রাউন্ড মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে সান্তোস কোচ কুকা আশাবাদী যে, লিগের শেষ তিন রাউন্ডে আবার দলে পাওয়া যাবে নেইমারকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

