২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। রোববার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসরের সময় সূচি জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তাতে দেখা গেছে, পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর।
সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই আসর। একদিন বাদে কলম্বোয় নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান।
এরপর ৭ অক্টোবর গুয়াহাটিতে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে ভাইজাগে একই সময়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৩ ও ১৬ অক্টোবর ভাইজাগেই বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ২০ অক্টোবর কলম্বোয় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৬ অক্টোবর শেষ ম্যাচে বেঙ্গালুরুতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ভারত ২০১৩ সালের পর প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। ফরম্যাট ২০২২ সালের মতোই একই রকম। রাউন্ড রবিন পদ্ধতিতে ৮টি দল একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

