চ্যাম্পিয়নস ট্রফি

শাস্ত্রীর বাজি ভারত-পাকিস্তান

শাস্ত্রীর বাজি ভারত-পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রথম পর্বে টাইগারদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ৫০ ওভারের এ বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে টিকিট কাটতে হলে কম করে হলেও দুটি ম্যাচে জয় ছিনিয়ে নিতে হবে টাইগারদের। সাম্প্রতিক ফর্ম, ক্রিকেটারদের অভিজ্ঞতা আর শক্তিমত্তার বিচারে দুই ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেওয়া শান্ত-মিরাজদের জন্য কঠিন চ্যালেঞ্জই বটে।

বিজ্ঞাপন

রবি শাস্ত্রীও বলছেন একই কথা। তার মতে, সেমিতে বাংলাদেশের খেলাটা একরকম অসম্ভব। টাইগারদের গ্রুপ থেকে সেমিতে ওঠার লড়াইয়ে তার বাজি ভারত ও পাকিস্তান। জনপ্রিয় ধারাভাষ্যকার শাস্ত্রী বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি, ওই গ্রুপ থেকে এ দুই দলেরই যাওয়া উচিত।’

তবে ভারতের সাবেক এই ক্রিকেটার মানছেন, নিজেদের সেরা দিনে যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে নিউজিল্যান্ড। এ নিয়ে রোহিত-কোহলিদের সাবেক কোচ বলেন, ‘তারপর নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটি দলÑ যারা যে কাউকে আপসেট করতে পারে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।’

দুবাইয়ের মাটিতে ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। পরে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত ব্রিগেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন