অস্ট্রেলিয়াকে ফেভারিট মেনে ভিলিয়ার্সের প্রচ্ছন্ন হুমকি

অস্ট্রেলিয়াকে ফেভারিট মেনে ভিলিয়ার্সের প্রচ্ছন্ন হুমকি

বিজ্ঞাপন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ফাইনালে আগামী ১১ জুন লর্ডসে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন ম্যাচে অজিদের ফেভারিট মানছেন প্রোটিয়াদের সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তবে ভারসাম্যপূর্ণ দল নিয়ে প্যাট কামিন্সদের বিপক্ষে অঘটনের জন্ম দিতে পারে দক্ষিণ আফ্রিকা, এমন বার্তাও দিয়ে রাখলেন তিনি।

এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের ভেন্যু লর্ডস- এটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য একটি বিশাল মুহূর্ত। পুরো জাতি আমাদের দলের পিছনে থাকবে। আশা করি আমরা দারুণ কিছু করতে পারব। আমি চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। দক্ষিণ আফ্রিকা দলটিতে ভারসাম্য আছে। আমি বিশ্বাস করি যে আমরা অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করতে পারব। তবে ম্যাচটিতে অস্ট্রেলিয়া ফেভারিট থাকবে।'

ডি ভিলিয়ার্স আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকার এই দলের অনেক খেলোয়াড়দের জন্যই লর্ডসে এটা প্রথম ম্যাচ হতে যাচ্ছে। আশা করি তারা দ্রুতই থিতু হয়ে যাবে। কিন্তু আমি সত্যিই এই প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে। এটা একটা ফাইনাল। উভয় দলই এখানে নিজেদের সেরাটা দিতে চাইবে।'

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দুই দলের স্কোয়াড:

দক্ষিণ আফ্রিকা: টনি ডি জর্জি রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ট্রিস্টান স্টাবস, কাইল ভারানে, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, করবিন বশ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসন, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি।

অস্ট্রেলিয়া: উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড, নাথান লিয়ন, ম্যাথু কুনেম্যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন