তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। আসন্ন সিরিজে শক্তির বিচারে বেশ এগিয়ে সফরকারী দল। এরপরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক সালমানি আলী আগা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। সিরিজের বাকি ম্যাচদুটি হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সালমান বলেন, ‘মোটেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে অনুশীলনে আমরা খুবই মনোযোগী ছিলাম। নিজেদের দূর্বলতা কাটিয়ে উঠার জন্য কঠোর পরিশ্রম করেছি। বাংলাদেশের সঙ্গে মিল আছে এমন পরিবেশে অনুশীলন করেছি ‘
তিন সংস্করণের অধিনায়কত্ব পাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘অনেকেই বলাবলি করছিল যে আমি সব সংস্করণেই অধিনায়ক হতে যাচ্ছি। এ খবর তো আমি আপনাদের কাছ থেকেই পেয়েছি। আমি জানি না আপনারা কি বলতে পারেন। এখণ পর্যন্ত ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।’
বাংলাদেশ সফরে না থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়েছে বাবর, রিজওয়ান, আফ্রিদিদের- এমনটাই জানিয়েছেন সালমান, ‘দলে এমন খেলোয়াড় দরকার যারা যেকোনো সময়ে কাউকে রিপ্লেস করতে পারে। সে বিষয়টি মাথায় রেখে আমরা বেঞ্চের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছি। ভবিষ্যতের বিষয়টি মাথায় রেখে আমরা ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করেছি। তাদের সবাইকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

