ইংল্যান্ডের হ্যাটট্রিক জয়

তবুও ক্ষুব্ধ টুখেল

তবুও ক্ষুব্ধ টুখেল

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলে হ্যাটট্রিক জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। সবশেষ ম্যাচে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছে জায়ান্টরা। এরপরও সন্তুষ্ট হতে পারছেন না দলটির প্রধান কোচ টমাস টুখেল। উল্টো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

টুখেলের ক্ষোভ প্রকাশ করাটা যৌক্তিক। শক্তির বিচারে ইংল্যান্ডের চেয়ে যোজন যোজন পিছিয়ে অ্যান্ডোরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭৩। এমন একটা দলের বিপক্ষে খুব স্বাভাবিকভাবেই বড় জয়ের আশা ছিল। কিন্তু সেটা করে দেখাতে পারেনি ইংলিশরা। নিজেদের সেরাটা না দেখাতে পারায় ন্যূনতম জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। বিশেষ করে শেষ ২০ মিনিট রীতিমতো ভুগতে হয়েছে ইংল্যান্ডকে। নিরপেক্ষ ভেন্যু স্পেনের বার্সেলোনাতে ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন হ্যারি কেইন।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে টুখেল বলেন, ‘অ্যান্ডোরার বিপক্ষে ছেলেরা যে ধরনের ফুটবল খেলেছে সেটা আমাকে খুশি করতে পারেনি। আমাদের শুরুটা ভালো ছিল। বেশকিছু সুযোগ তৈরি করতে পেরেছিলাম। যদিও আমরা আর মোমেন্টাম ধরে রাখতে পারিনি। তাই প্রথমার্ধের শেষটাও ভালো হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের শেষ ২০ মিনিটের খেলা আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে। ছেলেরা যেভাবে ম্যাচ শেষ করেছে সেই মনোভাব আমার ভালো লাগেনি। চেষ্টায় অনেক কমতি ছিল। যেটা এমন একটা দলের জন্য মানানসই নয়। এটা বিশ্বকাপ বাছাইয়ের একটা ম্যাচ ছিল। ছেলেদের বলব ওদের কাছ থেকে আমি কি চাই।’

বাছাইপর্বের অপর ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন