এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল মোহামেডান। তাদের ক্লাব লাসেন্সিং না থাকায় সুবিধা পাচ্ছে আবাহনী। চ্যালেঞ্জ লিগে খেলবে লিগ রানার্সআপ আবাহনী ও লিগের তৃতীয় দল বসুন্ধরা কিংস খেলবে।
এএফসিতে আবেদন করার সময় সিলেট জেলা স্টেডিয়ামকেই হোম ভেন্যু হিসেবে দেখিয়েছিল আবাহনী। তবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দর্শক সমাগম দেখে এখন জাতীয় স্টেডিয়ামেই ওই ম্যাচ আয়োজন করতে চায় ঐতিহ্যবাহী এই দলটি।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচে অনেক দর্শক হয়েছে। ফুটবলপ্রেমী মানুষ স্টেডিয়ামমুখী হয়েছেন। এই বিবেচনায় আমরা ঢাকা স্টেডিয়ামে খেলার বিষয়ে বাফুফেতে আবেদন ও আলাপ করব। যেন জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের ধারাবাহিকতা থাকে। ঢাকা স্টেডিয়াম না পাওয়া গেলে তখন সিলেটই ম্যাচ আয়োজন করব।’
তবে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় স্টেডিয়ামে ঘাসের কাজ শিগগিরই শুরু করতে চায় বাফুফে। ঘাসের সংস্কার করতে ২-৩ মাস সময় প্রয়োজন। সেক্ষেত্রে ১২ আগস্ট ঢাকা আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে না বলে বাফুফে সূত্রে জানা গেছে। কারণ ঘাসের বিষয়টি বিবেচনা করেই সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

