চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি ও লুইস সুয়ারেজ।
বৃহস্পতিবার (২৯ মে) চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়েও নাগাল পাননি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন উরুগুয়ের তারকা। এরপর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন তিনি।
মন্ট্রিয়ল প্রথম গোলের দেখা পায় ৭৪ মিনিটে, দান্তেসিলির সৌজন্য। এরপর ৮৭ মিনিটে মেসি আরেকটি গোল করলে জয় নিশ্চিত করে ফেলে মায়ামি। শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে দ্বিতীয় গোল করেন ভিক্টর লুটোরি, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। আর মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে।
ইন্টার মায়ামির পরের ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

