তাসকিন আহমেদের তোপে দুর্দান্ত শুরু পেয়েও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে বাজে শুরুর পরেও জিম্বাবুয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে; অন্যদিকে ভালো শুরু পেয়েও ২৭২ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাসকিন আহমেদ।
তাসকিনের মতে, বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ম্যাচটিতে উইকেটে বোলারদের চেয়ে ব্যাটারদের জন্য বেশি সহায়তা ছিল। এমন ম্যাচে ভালো শুরু পেয়ে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ব্যাটারদের দায় দেখছেন তাসকিন।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’
জিম্বাবুয়ে ম্যাচে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান তুলেছিলেন ৪৭ রান। সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তাসকিন মনে করেন, ভালো একটি জুটি হলেই ম্যাচটা জেতা যেত।
তার মতে, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। আসলে ব্যাটসম্যানদের (আজ) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’
ব্যাটারদের দায় দেখলেও তাদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই তাসকিনের। পরিস্থিতি বুঝে খেলতে না পারাই ব্যর্থতার মূল কারণ বলে ধারণা তার, ‘ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ঘাটতিটা একটু বেশি। কারণ স্কিল কিন্তু সবার আছে। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, প্রতিটি ব্যাটসম্যানই কিন্তু প্রমাণ করেছে, তারা ভালো ব্যাট করতে পারে। মাঝে মাঝে আমরা দল হিসেবে দেখবেন, চাপে পড়লে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জিনিসটাই আমাদের আসলে বের হয়ে আসতে হবে। বড় দল হতে চাইলে যেকোনোভাবে বের হয়ে আসতে হবে। আমি শিওর, এটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি, কীভাবে দ্রুত ঠিক করা যায়।’
২ ম্যাচের মধ্যে প্রথমটিতে হেরে ফাইনালের লড়াই থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ। তবুও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন তাসকিন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-611ab6-720x405.webp)