টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছে অস্ট্রেলিয়া। সাদা বলের সিরিজেও তাদের শুরুটা হলো দারুণ। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৩ উইকেটে হারিয়েছে অজিরা। তাদের এই জয়ের নায়ক মিচেল ওয়েন। জাতীয় দলে নিজের অভিষেকেই ফিফটি তুলে নিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। পাশাপাশি নিয়েছেন এক উইকেট।
জ্যামাইকার সাবিনা পার্কে আগে ব্যাট করে ১৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ওয়েন ও ক্যামেরুন গ্রিনের ফিফটিতে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ২৬ বলে দুটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫১ রান করেন গ্রিন। ৫০ রান আসে ওয়েনের ব্যাট থেকে।
আলজারি জোসেফের শিকার হওয়ার আগে ২৭ বলে ছয়টি ছয় মারেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অভিষেকে এর চেয়ে ভালো কিছু চাইতে পারতেন না ওয়েন। এছাড়া সফরকারীদের হয়ে ১৭ বলে ২৪ রান এনে দেন অধিনায়ক মিচেল মার্শ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার, জোসেফ ও গুদাকেশ মোটি দুটি করে উইকেট নেন।
এর আগে রোস্টন চেজ ও শাই হোপের অর্ধশতকে ভর করে এই পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৩২ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন আগেরজন। হোপের অবদান ৫৫ রান। ৩৯ বল খেলেন অধিনায়ক। ১৯ বলে ৩৮ রান করেন শিমরন হেটমায়ার। ১৮ রান আসে ব্র্যান্ড কিংয়ের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন বেন দারসুইস। ওয়েন ছাড়াও শন অ্যাবট, কোপার কনোলি ও নাথান এলিস তুলে নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৮৯/৮ (২০ ওভার); চেজ ৬০, হোপ ৫৫; দারসুইস ৪/৩৬
অস্ট্রেলিয়া: ১৯০/৭ (১৮.৫ ওভার); গ্রিন ৫১, ওয়েন ৫০; মোটি ২/২৯
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মিচেল ওয়েন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

