ইউএস ওপেন গলফের দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত খেলেছেন স্যাম বার্নস। পারের চেয়ে ৫ শট কম খেলে লিডার বোর্ডের শীর্ষে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের এ তারকা গলফার (৬৫ শট)। বার্নস ছয়টি বার্ডি পাওয়ার বিপরীতে বোগি মেরেছেন মাত্র একটি। প্রথম রাউন্ডে অবশ্য পারের চেয়ে দুই শট বেশি খেলেছিলেন (৭২ শট)।
দুই রাউন্ড মিলিয়ে বার্নসের স্কোর এখন পারের চেয়ে ৩ শট কম (১৩৭ শট)। প্রথম দিন শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের আরেক গলফার জে.জে. স্পাউন দ্বিতীয় স্থানে নেমে গেছেন। কেননা প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট খেলা স্পাউন দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট বেশি খেলে ফেলেছেন। আর পারের চেয়ে এক শট কম স্কোর নিয়ে তিনে রয়েছেন নরওয়ের ভিক্টোর হোভল্যান্ড। তবে প্রথম রাউন্ডে খারাপ খেললেও দ্বিতীয় রাউন্ডে ভালো করে কাটে জায়গা করে নিয়েছেন স্কটি শেফলার ও ররি ম্যাকলরয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

