ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে দেম্বেলে

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে দেম্বেলে

উসমান দেম্বেলের চোটের খবর জানা গিয়েছিল ম্যাচের আগেই। তাও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে নামিয়ে দেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফলাফল, ফের ইনজুরিতে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড। আর তাতেই ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দেম্বেলে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে দেম্বেলের চোটে পড়ার খবর নিশ্চিত করেছে পিএসজি। শনিবার বিবৃতিতে পিএসজি জানিয়েছে, দেম্বেলের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট লেগেছে। অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার ইউক্রেন-ফ্রান্স ম্যাচে চোট পাওয়ার পর উসমান দেম্বেলের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর সমস্যা ধরা পড়েছে।’

বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের ২-০ গোলে জেতা ম্যাচের ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে। তবে বদলি নেমেও ম্যাচটা শেষ করতে পারেননি তিনি। ৮১ মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়তে হয় তাকে। এই ঘটনায় পিএসজি কর্তৃপক্ষ ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের ওপর ক্ষুব্ধ।

দেশম অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন, ‘আমি নিশ্চিত ছিলাম ও ভালো খেলতে পারবে। তা না হলে আমি খেলাতাম না। এবার আগেরবারের চোটের জায়গা নয়, অন্য ঊরুতে সমস্যা হয়েছে। সে খেলতে পুরোপুরি প্রস্তুত ছিল। চিকিৎসকদের রিপোর্টে কোনো সমস্যা ছিল না বলেই আমি সিদ্ধান্ত নিয়েছি।’

শুধু দেম্বেলেই নন, এই আন্তর্জাতিক বিরতিতে পিএসজির আরও এক খেলোয়াড় চোটে পড়েছেন। ডান পায়ের পেশিতে টান লাগায় প্রায় চার সপ্তাহ খেলতে পারবেন না দেজিরে দুয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন