মেজর লিগ ক্রিকেটে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। নিজেদের ষষ্ঠ ম্যাচে সিয়াটল ওর্কাসকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে ৬ দলের টুর্নামেন্টে সবার আগে প্লে-অফে পৌঁছে গেল দলটি। ৬ ম্যাচের একটিতেও হারেনি ইউনিকর্নস। আসরের বাকি ম্যাচগুলো হারলেও তাদের সেরা চার নিশ্চিত।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পায় ইউনিকর্নস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন রোমারিও শেফার্ড। ফিফটি করেন ম্যাথু শর্টও (৫২)। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১৪৪ রানেই গুটিয়ে যায় সিয়াটল। তাদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার শায়ান জাহাঙ্গীর।
ব্যাট করতে নেমে ইউনিকর্নস শুরুতেই উইকেট হারায়। ফিন অ্যালেন বিদায় নেন ৪ রান করে। এরপর দারুণ একটি জুটি গড়েন ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। দুজন মিলে সিয়াটলের বোলারদের তুলোধোনা করে ৮৬ রানের মাথায় বিচ্ছিন্ন হন। ম্যাকগার্ক বিদায় নেন ৩৪ রান করে। শর্ট করেন ২৯ বলে ৫২ রান। মিডল অর্ডারে ৩১ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফার্ড।
জবাব দিতে নেমে সিয়াটলের দুই ওপেনার জাহাঙ্গীর ও ডেভিড ওয়ার্নার ভালো শুরু করলেও বাকিদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন। আর তাতেই ১৪৪ রানে গুটিয়ে যায় সিয়াটল। জাহাঙ্গীরের ৪০ ছাড়াও ৩০ রান করেন শিমরান হেটমায়ার।
ইউনিকর্নসের সফল বোলার হারিস রউফ। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট দখল করেন তিনি। ম্যাথু শর্ট ব্যাট হাতে ফিফটির পর বল হাতেও ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি উইকেট নেন শেফার্ড।
সংক্ষিপ্ত স্কোর
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫৬, শর্ট ৫২; হারমিত ৩/২২, কোয়েটজে ৩/৩৪)
সিয়াটল ওকার্স: ২০ ওভারে ১৪৪/১০ (জাহাঙ্গীর ৪০, হেটমায়ার ৩০; রউফ ৪/৩২, শর্ট ৩/১২)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

