নিতীশ হিরানির বলটি কাভারে ঠেলে দিয়েই দৌঁড় দিলেন রায়ান বার্ল, সঙ্গী টনি মুনিওঙ্গাও উচ্ছ্বাসে ভাসলেন। সেই সঙ্গে আনন্দে মাতোয়ারা হলো হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারি। কেনিয়াকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো জিম্বাবুয়ে।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে অনায়াসে হারিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাটিং করে কেনিয়া ৬ উইকেটে করেছিল ১২২ রান। এই লক্ষ্য পার হতে জিম্বাবুয়েকে খুব বেশি কষ্ট করতে হয়নি। ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে সিকান্দার রাজার দল।
এই জয়ের মাধ্যমে ১৭তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো আফ্রিকার দেশটি। একই মাঠে আজ প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া। টুর্নামেন্টের বাকি তিন দল আসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই পেরিয়ে।
আগামী শনিবার আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের ফাইনালে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
কেনিয়া: ২০ ওভারে ১২২/৬ (রাকেপ ৬৫, শচীন ১৯, যশরাজ ১৩*; মুজারাবানি ২/১৯, ইভান্স ১/২১, মাপোসা ১/২৫)।
জিম্বাবুয়ে: ১৫ ওভারে ১২৩/৩ (বেনেট ৫১, মারুমানি ৩৯, বার্ল ১৬*; বিরাজ ২/২৯, ধীরেন ১/১৭)।
ফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ব্রায়ান বেনেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

