জ্যামাইকা টেস্টে যত রেকর্ড

জ্যামাইকা টেস্টে যত রেকর্ড

চরম বাজে ব্যাটিংয়ে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে ১৭৬ রানের হার। কিংস্টোনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের জবাবে ২৭ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ক্যারিবিয়ানদের এমন দুঃস্বপ্নময় দিনে বেশকিছু রেকর্ড দেখেছে ক্রিকেট বিশ্ব।

দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ

বিজ্ঞাপন

মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের বোলিং তোপে পড়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এটা টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে কেবল নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা।

সাত ব্যাটারের শূন্য

২৭ রানে অলআউট হওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার রানের খাতা খুলতে পারেনি। টেস্টের ইতিহাসে প্রথমবারের মতো নির্দিষ্ট একটি ইনিংসে সাত ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটল।

তৃতীয় দ্রুততম অলআউট

রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এটা টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম অলআউট হওয়ার রেকর্ড। তালিকার শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভারে শেষ হয়েছিল প্রোটিয়াদের ইনিংস। অন্যদিকে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩.৫ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা।

দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে গুটিয়ে দেওয়ার নেপথ্য নায়ক স্টার্ক। মাত্র ৯ রানে তার শিকার ৬ উইকেট। টেস্ট ইতিহাসের দ্রুততম সময়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তারকা পেসারের দখলে। মাত্র ১৫ বলে ৫ উইকেট নেন স্টার্ক। পেছনে ফেলেছেন এরনিয়ে তোশাককে। ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ১৯ বলে ফাইফার নেন তোশাক।

গোলাপি বলের প্রথম হ্যাটট্রিক বোল্যান্ডের

১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন বোল্যান্ড। ফেরান জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে। এটা গোলাপি বলের টেস্টে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন রান

জ্যামাইকা টেস্টের দুই ইনিংসে ১৭০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংসে অলআউট হওয়া ম্যাচে এটা তাদের সর্বনিম্ন দলীয় রান।

দুই দলের সপ্তম সর্বনিম্ন রান

সদ্য শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মিলে করেছে ৫১৬ রান। যা পুরুষদের এই সংস্করণে সপ্তম সর্বনিম্ন রান।

প্রথম ছয় ব্যাটারের সর্বনিম্ন সম্মিলিত রান

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ছয় ব্যাটার মিলে করেছেন ৬ রান। এর আগে কোনো দলের শীর্ষ ছয় ব্যাটারের সম্মিলিত রান এর চেয়ে কম ছিল না। ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটার মিলে করেছিল ১২ রান।

চতুর্থ সর্বনিম্ন বলের টেস্ট

জ্যামাইকা টেস্টে দুই দলের চার ইনিংসে খেলা হয়েছে ১০৪৫ বল। যা টেস্টের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন বলের রেকর্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন