লক্ষ্যটা ছিল হিমালয়সম। ৩৭১ রানের সেই টার্গেটও টপকে গেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। প্রায় অসম্ভব কাজটা কিভাবে সম্ভব করেছে ইংলিশরা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সবার মনে। সঠিক মানসিকতা আর দলের প্রতি দায়বদ্ধতার কারণেই জয়ের বন্দরে পৌঁছতে পেরেছেন তারা। এমনটাই মনে করছেন বেন স্টোকস। লড়াই শেষে ইংল্যান্ডের সাফল্যের পেছনের কাহিনী নিয়ে স্টোকসের ভাষ্য বলেন, ‘আমাদের মানসিকতা ও দলের প্রতি দায়বদ্ধতা ঠিক রাখার কারণেই জিততে পেরেছি। দুটো দলই ভালো ক্রিকেট খেলেছে। সিরিজটা দারুণ ভাবে শুরু হলো। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। ভারতের লোয়ার-অর্ডারকে কম রানে আউট করে দেওয়া আমাদের জয়ের অন্যতম কারণ।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলছেন, বুদ্ধিদীপ্ত বাজবল খেলার জন্যই জয়টা ধরা দিয়েছে। কিন্তু স্টোকস বলছেন, ‘যেটা করার দরকার ছিল ঠিক সেটাই করেছি। যতবার চাপে পড়েছি তত বার ভালো খেলেছি। শুধু দক্ষতা নয়, সাজঘরের ইতিবাচক মানসিকতার দিকটাও তুলে ধরতে হবে। আমি এবং বাজ (ব্রেন্ডন ম্যাককালাম) সব কিছু সহজ রাখতে ভালোবাসি। এত রান তাড়া করতে নামলে নিজেদের শান্ত রাখতে হয়। চাপের সঙ্গে মানিয়ে নিতে হয়। সেটাই আমরা করেছি।’
টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ায় অনেকে স্টোকসের সমালোচনামুখর হয়েছিলেন। ভারতের প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করায় এনিয়ে রীতিমতো সমালোচনার জোয়ার বইয়ে যায়। তবে ম্যাচ জিতে সমালোচকদের জবাবটা দিতে ভোলেননি স্টোকস। বলেন, ‘টেস্ট ক্রিকেট তো পাঁচ দিনে খেলা হয়, তাই না? টস হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে, জিতলে কী করব। দুটি দলই ভাগ্যের সাহায্য পেয়েছে। ক্যাচ পড়েছে দু’দলেরই। না হলে ম্যাচটা পাঁচ দিনের হতো না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

