প্রাপ্তির খাতাটা শূন্য রেখেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে আগেই ইংলিশদের কাছে সিরিজ হাতছাড়া করেছে তারা। শেষ ওয়ানডেতেও ভাগ্য বদলাতে পারেনি। ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়ানরা। শেষ ম্যাচে স্বাগতিকদের জেতাতে ঝড়ো ব্যাট চালিয়েছেন জেমি স্মিথ ও জস বাটলার। এছাড়া ফিফটি করেছেন বেন ডাকেট।
যানজটের কারণে এদিন নির্ধারিত সময়ে ম্যাচ ভেন্যু লন্ডনের দ্য ওভালে পৌঁছাতে পারেনি দুই দল। তাই খেলা শুরু হয় আধাঘণ্টা পর। তার ওপর টস হেরে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝপথে বৃষ্টি নামলে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। পুনঃনির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে অতিথিরা। যদিও শুরুটা ভালো ছিল না তাদের। দলীয় ২৮ রানে হারায় ৩ ব্যাটারকে।
তবে শেরফানে রাদারফোর্ড, গুদাকেশ মোটি ও আলজারি জোসেফের ব্যাটে বড় পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ৭১ বলে ৭০ রান করেন রাদারফোর্ড। ৬৩ রান এনে দেন মোটি। ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন জোসেফ। ইংল্যান্ডের হয়ে ৪০ রানে ৩ উইকেট নেন আদিল রশিদ। সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স ও ম্যাথু পটসের শিকার দুটি করে উইকেট।
বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে ২৪৬ রানের নতুন লক্ষ্য দাঁড় করানো হয়। রান তাড়ায় ৬২ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। ২৮ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস উপহার দেন স্মিথ। ৪১ রানে অপরাজিত থাকেন বাটলার। ২০ বল খেলেন সাবেক অধিনায়ক। ৪৬ বল মোকাবেলা করা ডাকেটের অবদান ৫৮ রান। এছাড়া জো রুট ৪৪ ও হ্যারি ব্রুক করেন ২৬ রান। ইংলিশদের পতন হওয়া উইকেট তিনটি ভাগাভাগি করে নেন জোসেফ, মোটি ও রোস্টন চেজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৫১/৯ (৪০ ওভার); রাদারফোর্ড ৭০, মোটি ৬৩, জোসেফ ৪১; রশিদ ৩/৪০
ইংল্যান্ড: ২৪৬/৩ (২৯.৪ ওভার) (নতুন লক্ষ্য ২৪৬ রান)
স্মিথ ৬৪, ডাকেট ৫৮, বাটলার ৪১*; চেজ ১/১৯
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

