ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শনিবার (২২ মার্চ) বিকেএসপিতে দুটি ম্যাচ ছিল। তিন নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। অন্যদিকে চার নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের মুখোমুখি হওয়ার কথা ছিল গুলশান ক্রিকেট ক্লাবের। কিন্তু বৃষ্টির দাপটে দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে।
বিকেএসপির মতো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচেও ছিল বৃষ্টির উপস্থিতি। যদিও বৃষ্টির তেমন দাপট না থাকায় শেষ পর্যন্ত পুরো ১০০ ওভারেই মাঠে গড়িয়েছে। যেখানে হয়েছে চরম নাটকীয়। নাটকীয় এই ম্যাচে শেষ বলে এক উইকেটের জয় তুলে নিয়েছে পারটেক্স। তাদের জয়ের নায়ক মোহাম্মদ রাকিব।
আগে ব্যাট করে ২১৮ রান জড়ো করে অগ্রণী ব্যাংক। জবাবে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে পারটেক্স। এরপরই নামে ব্যাটিং ধ্বস। ২০৩ থেকে ২০৯, এই ৬ রানেই ৪ ব্যাটারকে হারায় তারা। জয়ের জন্য শেষ ওভারে তাদের করতে হতো ১০ রান। হাতে ছিল এক উইকেট। রাকিবের ২ চারের মারে এই সমীকরণ মিলিয়েছে পারটেক্স। ৮০ রানে অপরাজিত ছিলেন রাকিব। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

