বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন নিয়ে চলছে নানা নাটকীয়তা। সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় কোয়াবের সভাপতির দায়িত্বে থাকলেও আছেন নিষ্ক্রিয় অবস্থায়। তার অবর্তমানে একাই পুরো দায়িত্ব সামলাচ্ছেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল। সংগঠনকে কার্যকর করতে ইতোমধ্যে দুই দফায় ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। প্রতিবারই ক্রিকেটারদের চাওয়া ছিল নির্বাচন। জানা গেছে, বর্তমান ক্রিকেটারদের চেয়ে নির্বাচন নিয়ে বেশি আগ্রহী সাবেকরা।
বিষয়টি নিয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘কোয়াব সাবেক ও বর্তমান- সব ক্রিকেটারের সংগঠন। এখানে ক্রিকেটাররা যেভাবে চাবেন সেভাবেই সংগঠন চলবে। ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্তের বহিঃপ্রকাশ থাকবে সিদ্ধান্তে।’ ক্রিকেটারদের চাওয়ায় নির্বাচন দিতে রাজি থাকলেও সংগঠন গঠনতন্ত্র মেনে চলার দিকে জোর দিয়েছেন তিনি। তার কথায়, ‘ক্রিকেটাররা যা চাইবে সেটাই হবে। তবে সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে এগোতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়।’
এই দিকে দিন কয়েক আগেই কোয়াব আইন পরামর্শক নিয়োগ করেছে। মূলত নির্বাচন ও ক্রিকেটারদের সমস্যা সমাধানের লক্ষ্যে এই আইন পরামর্শক নিয়োগ করা হয়েছে বলে জানান দেবব্রত পাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

