আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দুই সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ওয়ানডে দলে চমক প্রথমবার ডাক পাওয়া ব্যাটার আকিম অগাস্ট। স্পিনার খারি পিয়েরেকে নেওয়া হয়েছে দলে। টি-টোয়েন্টি দলে আছেন পেসার র্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গু।
ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই সিরিজ। এই সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকায়। টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে টি–টোয়েন্টি সিরিজ।
দুই সিরিজের স্কোয়াড ঘোষণার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। এই দুটি বিষয় দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’
‘আকিমকে দলে নেওয়াতেই স্পষ্ট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য কীভাবে পথ তৈরি করছে। ও ভবিষ্যতের খেলোয়াড়, যে অনূর্ধ্ব-১৫ দল থেকে শুরু করে ধাপে ধাপে সিনিয়র পর্যায়ে এসেছে।’- আরও যোগ করেন স্যামি।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

