জুলাই বিপ্লবে আহতদের জন্য বিকেএসপি’র বিশেষ প্রশিক্ষণ

জুলাই বিপ্লবে আহতদের জন্য বিকেএসপি’র বিশেষ প্রশিক্ষণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই বিপ্লবে আহত ছাত্রদের বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শনিবার (২৬ জুলাই) সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল আলম। তিনটি ক্রীড়া বিভাগ- আরচারি, টেবিল টেনিস ও শুটিংয়ে নির্বাচিত ৪ জন করে মোট ১২ খেলোয়াড়কে প্রথমে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হবে। পরবর্তীতে তাদেরকে আরও দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে প্যারা অলিম্পিক কিংবা স্পেশাল অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে। অর্থাৎ জুলাই বিপ্লবে আহতদের সামনে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

বিজ্ঞাপন
bksp training

প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান এবং শহীদদের দেশের জন্য জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান মাহবুব-উল আলম। তিনি গত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেন। তাছাড়া গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যত্থানে আহদের কর্মসংস্থানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটি প্রকল্প হাতে নিয়েছে বলে সুখবর দেন এই সচিব।

bksp training 2

বিকেএসপির বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প প্রাথমিক পর্যায়ে তিনটি ক্রীড়া বিভাগ দিয়ে শুরু হলেও পরবর্তীতে আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এছাড়াও আহতদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে পুনর্বাসিত করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান এবং তিন ফেডারেশনের সাধারণ সম্পাদকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন