স্প্যানিশ লা লিগায় যেন জিততেই ভুলে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। টানা ব্যর্থতার অংশ হিসেবে নিজেদের সব শেষ ম্যাচে শনিবার দিবাগত রাতে ওসাসুনার মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। তাতেই টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
২৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৫১ পয়েন্ট। দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৪ ম্যাচ খেলা রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীদের নামের পাশে শোভা পাচ্ছে ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। কাতালানদের পরবর্তী ম্যাচ রায়ো ভায়োকানোর বিপক্ষে। আসন্ন ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে পারলে রিয়ালকে নামিয়ে শীর্ষে ওঠার সুযোগ থাকছে হান্সি ফ্লিকের দলের সামনে।
প্রতিপক্ষের মাঠ এল সাদর স্টেডিয়ামে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি রিয়াল। ম্যাচের ১৫তম মিনিটে সতীর্থ ফেদে ভালভার্দের ক্রস থেকে জালে বল জড়ান ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বেশ কিছু সুযোগ নষ্ট করায় প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা। উলটো ৩৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম।
সে সুযোগ কাজে লাগিয়ে বিরতির পর থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে ওসাসুনা। ৫৮ মিনিটে বুদিমিরের সফল স্পটকিক থেকে ম্যাচেও ফেরে তারা। এরপর দ্বিতীয় দফায় এগিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি রিয়াল। পয়েন্ট ভাগ করে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

