গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবারও ফাইনালের মঞ্চে পা রেখেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। রংপুরের সামনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। গায়ানার লক্ষ্য প্রথমবার শিরোপা জয়, একই সঙ্গে প্রতিশোধও। প্রথম আসরে রংপুরের কাছে হেরে সেরা দুইয়ে থাকার সুযোগ হারায় তারা। তাতে খেলা হয়নি ফাইনাল।
চলমান আসরে এখন পর্যন্ত অপরাজেয় রংপুর। টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে দলটি। তাদের এখনো বাকি এক ম্যাচ। এই ম্যাচ জিতলে গ্রুপের শীর্ষে থেকেই ফাইনাল খেলবে তারা। অন্যদিকে, গায়ানা চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে সমান ৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে শীর্ষে অবস্থান করে ফাইনাল নিশ্চিত করেছে। শেষ ম্যাচে তারা ৪ উইকেটে হারিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনসকে। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬.১ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় হোবার্ট। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা।
রংপুর ও গায়ানার লড়াইটা পুরোনো। ২০২৪ সালের আসরে নিজেদের শেষ ম্যাচে রংপুরের মুখোমুখি হয়েছিল দলটি। তবে লো স্কোরিং ম্যাচে উত্তেজনা ছড়িয়ে ১৫ রানের ব্যবধানে হেরে যায় তারা, নিশ্চিত হয়ে যায় বিদায়। রংপুর টিকে থাকে আসরে। এবার সেটার প্রতিশোধের পালা। তবে লড়াই হবে দুর্দান্ত। আসরের অন্যতম ব্যালেন্সড দল রংপুর। গায়ানাও তাই। এবার দেখার পালা মাঠের লড়াই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

