ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এডিনবার্গে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে প্রত্যাশিত সংগ্রহ গড়তে না পারার খেসারতই দিতে হয়েছে টাইগ্রেসদের।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে এগোতে পারেনি দল। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৬ রান। জুয়াইরিয়া ফেরদৌস ১৩ বলে ১২ রান করে ফিরে যান। আরেক ওপেনার দিলারা আক্তার করেন ১১ রান। শারমিন আক্তারের ব্যাট থেকেও আসে মাত্র ১০ রান।
মধ্যক্রমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। তিনি ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেও অন্যদের কাছ থেকে বড় সমর্থন পাননি। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার ২২ রান করে যোগ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে স্কটল্যান্ড। বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে চাপে ফেলতে ব্যর্থ হন। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস সামনে থেকে নেতৃত্ব দিয়ে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন।
এছাড়া ক্যাথেরিন ফ্রেজার ২৮ রান করেন। ডার্সি কার্টার ও সারাহ ব্রাইসের ব্যাট থেকে আসে ২৩ রান করে। তাদের দৃঢ় ব্যাটিংয়ে ১৫.৪ ওভারেই জয় নিশ্চিত করে স্কটিশরা। হাতে তখনও ৮ উইকেট অক্ষত ছিল।
বড় ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করায় পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চাপ আরও বেড়ে গেল বাংলাদেশের মেয়েদের ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

