লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৮৭ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে স্বস্তিতে নেই ভারতও। দ্বিতীয় দিন শেষে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে তারা। এখনো পিছিয়ে ২৪২ রানে। ফিফটি করে একপ্রান্ত আগলে আছেন লোকেশ রাহুল (৫৩*)। তার সঙ্গে আছেন ঋষভ পান্ত (১৯*)।
ইংল্যান্ডের ইনিংসের জবাব দিতে নেমে শুরুতেই জয়সওয়ালকে হারায় ভারত। চার বছর পর দলে ফিরে এই ওপেনারকে ১৩ রানে ফেরান জোফরা আর্চার। এরপর রাহুল ও নায়ার মিলে একটা জুটি গড়েন। নায়ারকে (৪০) ফিরিয়ে জুটি ভাঙেন স্টোকস। শুবমান গিল ফেরেন ১৬ রান করে।
এর আগে দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৫১ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ৯৯ রানে অপরাজিত থাকা রুট দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন। জাসপ্রিত বুমরাহর দিনের প্রথম বলটি বাউন্ডারিতে পাঠিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ব্যাটার। ছাড়িয়ে যান স্টিভ স্মিথ ও রাহুল দ্রাবিড়কে, দুজনেরই রয়েছে ৩৬টি করে শতক। একই সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ৬০ ইনিংসে তার রান এখন ৩০৫৯।
রুট ফেরেন ১০৪ রানে। শেষমেশ ইংল্যান্ড ৩৮৭ রানে যেতে পারে। ভারতের জাসপ্রিত বুমরাহ ৭৪ রানে নিলেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১১২.৩ ওভার ৩৮৭/১০ (রুট ১০৪, কার্স ৫৬, স্মিথ ৫১, পোপ ৪৪, স্টোকস ৪৪; বুমরাহ ৫/৭৪, নিতীশ ২/৬২, সিরাজ ২/৮৫)
ভারত প্রথম ইনিংস : ৪৩ ওভারে ১৪৫/৩ ( রাহুল ৫৩*; নায়ার ৪০; স্টোকস ১/১৬, আর্চার ১/২২)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

