৪০ এ পা দিয়েছেন- দিন চারেক আগে। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেটা অবশ্য বোঝার উপায় নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এখনো দুর্বার-দুরন্ত! চিরসবুজ তারুণ্যকে ধারণ করে দেখিয়ে যাচ্ছেন বুড়ো হাড়ের ভেলকি। এএফসি চ্যাম্পিয়নস লিগে গোল বন্যায় উৎসবটা সেরে নিয়েছিলেন জন্মদিনের ঠিক আগের দিনই। আল ওয়াসলের বিপক্ষে উপহার দিয়েছিলেন জোড়া গোলের জাদুকরী নৈপুণ্য।
এবার জন্মদিনের পরও সিআর সেভেন পেলেন গোলের দেখা। ৪০ বছর বয়সে এসে এটাই তার প্রথম গোল, জয়টাও প্রথম! পর্তুগিজ মহাতারকার গোলে জিতল আল নাসরও। সৌ প্রো লিগে শুক্রবার রাতে আল নাসর ৩-০ গোলে হারিয়েছে আল ফেইহাকে। ম্যাচের তৃতীয় গোলটি আসে রোনালদোর কাছ থেকে।
এখন যেখানে তাকে অবসর জীবন কাটানোর কথা। সেখানে রোনালদো দাপট দেখিয়ে যাচ্ছেন মাঠের লড়াইয়ে। ৪০ বছর বয়সে নিজের প্রথম গোল আর জয় নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘৪০ এর পর প্রথম গোল ও জয়।’
খুব বেশিদিন হয়নি। আল নাসরে নাম লিখেছেন জন দুরান। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে অ্যাস্টন ভিলা থেকে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। অভিষেক ম্যাচ খেলতে নেমেই দ্যুতি ছড়ালেন কলম্বিয়ান এ স্ট্রাইকার। নিজেদের মাঠ আল-আউয়াল পার্কে ফেইহার জালে ডাবল গোল দিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন ২১ বছরের এই তরুণ তুর্কি।
ম্যাচের ডেডলক ভাঙতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। বক্সের মধ্যে ছয় গজ দূর থেকে ২২ মিনিটেই প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন দুরান। তবে দলকে দ্বিতীয় গোলটি উপহার দিতে বেশ খানিকটা সময় নেন দুরান। সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিও মানের আড়াআড়ি শট থেকে উড়ে যাওয়া বল পেয়ে লড়াইয়ের ৭২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন কলম্বিয়ান এ তরুণ ফরোয়ার্ড। দুই মিনিট না যেতেই স্কোরশিটে নাম লেখান রোনালদো।
ফুটবলের অদম্য জাদুকর রোনালদো ছুটে চলেছেন দুর্বার গতিতে। রোমাঞ্চকর সেই অভিযাত্রায় আদায় করে নিচ্ছেন গোলের পর গোল আর জয়ের পর জয়। তাতে বর্ণিল ফুটবল ক্যারিয়ারে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ সুপারস্টারের গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২৪ এ।
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার স্বপ্নের পথে একটু একটু এগিয়ে চলেছেন তিনি। এ নিয়ে সৌদি লিগে রোনালদোর গোল হলো- ১৬টি। আর সব ধরনের টুর্নােমেন্ট মিলিয়ে ২৬ ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৪টি। আর জয় পেলেন সব মিলিয়ে ৭০২ ম্যাচে। যেখানে তিনি সবার ধরা-ছোঁয়ার বাইরে!
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

