টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ৮ দলের এ লড়াইয়ে একটি গ্রুপে থাকছে চারটি করে দল। দুই গ্রুপের এ টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে রাখা হয়েছে হংকংকে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় এশিয়া কাপের গ্রুপিং নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। গ্রুপিং নিয়ে যতই সমালোচনা হোক এশিয়া কাপের গ্রুপিংয়ে বাংলাদেশের ভাগ্য বেশ খারাপ। বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে গ্রুপ অব ডেথে। ম্যাচ হারলেই পা হড়কাবে এমন পরিস্থিতি নিয়ে মাঠে নামতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
এশিয়া কাপের পাঁচ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এক গ্রুপে দুটি ও অন্য গ্রুপে বাকি তিন দেশকে দেখা যাবে এটা নিশ্চিত ঘটনা। এশিয়া কাপের দলসংখ্যা ৬ কিংবা ৮ যাই হোক না কেন- এসিসি গ্রুপিং করার সময় ভারত-পাকিস্তানকে রাখে একই গ্রুপে। মূলত বাণিজ্যিক অংশীদারদের চাওয়া পূরণ করতে গিয়ে বারবারই একই গ্রুপিংয়ের পুনরাবৃত্তি করে চলেছে এসিসি। গত তিন অর্থাৎ ২০১৮, ২০২২ ও ২০২৩ সালেও ভারত ও পাকিস্তান ছিল একই গ্রুপে।
বিপরীতে অন্য গ্রুপে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের নাম। অর্থাৎ টানা তিন আসরেই বাংলাদেশ যে গ্রুপে ছিল, সেটিই প্রতিবার এশিয়া কাপে হয়ে উঠেছিল ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত। আর ভারত-পাকিস্তানের গ্রুপে গত তিন আসরের মধ্যে দুইবার ছিল হংকং এবং ২০২২ সালে তাদের সঙ্গী ছিল নেপাল। অর্থাৎ ভারত-পাকিস্তানের জন্য দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটা সব সময়ই সহজ করে রাখে এশিয়া কাপের আয়োজক এসিসি।
প্রথম রাউন্ড গ্রুপ পর্বের মাধ্যমে হলেও এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার ফোর আয়োজন করা হয় রবিন লিগ রাউন্ড পদ্ধতিতে। ফলে এশিয়া কাপের একই আসরে ভারত-পাকিস্তান লড়াই হয় দুই দফায়। এশিয়া কাপের বাণিজ্যিক অংশীদারদের চাওয়ায় একই আসরে দুইবার হয় পাক-ভারত ম্যাচ। সেই চাওয়া পূরণের বলি হয়ে বাংলাদেশকে প্রতিবারই খেলতে হচ্ছে গ্রুপ অব ডেথে।
চলতি আসরেও তার ব্যতিক্রম হয়নি। দল সংখ্যা ৬ থেকে বেড়ে ৮ হলেও বাংলাদেশকে এবারও খেলতে হচ্ছে গ্রুপ অব ডেথে। বাংলাদেশের সঙ্গী ওই পুরোনো শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আসরে দুই দল বাড়ায় এবার সঙ্গী হিসেবে যোগ হয়েছে হংকংয়ের নাম। আর পাক-ভারত গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এবারের এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৩ সেপ্টেম্বর হবে এই ম্যাচটি। শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ দলের প্রতিপক্ষ আফগানিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

