বকশিশ ব্যাপারটা সবার জন্যই খুশির ব্যাপার। তবে ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের থেকে বকশিশ নিয়ে বিপাকে পড়েছেন দলটির নিরাপত্তায় থাকা পুলিশের পাঁচ কর্মকর্তা। এ ঘটনার জেরে ফ্রান্সের আর্থিক লেনদেন নজরদারি সংস্থার (ট্র্যাকফিন) কাছ থেকে তথ্য নিয়ে তদন্তে নেমে পড়েছে জাতীয় পুলিশের মহাপরিদর্শক। খবর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ও অনুসন্ধানী সাপ্তাহিক পত্রিকা লা কানার আঁশেনের।
এ ঘটনা ঘটে ২০২২ ফুটবল বিশ্বকাপে। কাতারে অনুষ্ঠিত সেই আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় ফ্রান্স। আসর থেকে প্রাপ্ত বোনাসের টাকার একটি অংশ ফ্রান্স দলের নিরাপত্তায় নিয়োজিত থাকা পাঁচ পুলিশ কর্মকর্তাকে দেন তিনি। পুলিশ সদস্যদের দেওয়া বকশিশের পরিমাণ ছিল এক লাখ ৮০ হাজার ৩০০ ইউরো। এর মধ্যে চারজন পান ৩০ হাজার ইউরো করে আর তাদের কমান্ডারকে দেওয়া হয় ৬০ হাজার ৩০০ ইউরো। বকশিশ নিয়ে যাতে ঝামেলা না হয়, সেজন্য এমবাপ্পে জানিয়েও দেন ব্যাপারটা। তবে ঝামেলা বাঁধিয়েছে ফ্রান্সের কর কর্তৃপক্ষ।
কর কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তে নামে দেশটির পুলিশের উচ্চ মহল। তাতে সবচেয়ে বেশি টাকা পাওয়া কমান্ডার এমবাপ্পের বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে। কারণ, সেই কমান্ডার এমবাপ্পের সঙ্গে তার পিতৃভূমি ক্যামেরুন ও ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভক্লুস ভ্রমণে যান। তা ছাড়া বিপুল পরিমাণ অর্থ দেখে ট্র্যাকফিনের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগে, যা সন্দেহের জন্ম দেয়। ফলে বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি পুলিশ কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

