কমলাপুর স্টেডিয়ামের বিদ্যুৎ বিভ্রাট ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের এক দিনের মধ্যেই সরেজমিনে স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার একটি বেসরকারি চ্যানেলে কমলাপুর স্টেডিয়ামের ড্রেসিংরুমে বিদ্যুৎ না থাকা, ফুটবলারদের দুর্ভোগ এবং ভেন্যুটির নানা অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর ২৪ ঘণ্টা না পেরোতেই আজ রোববার স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় স্টেডিয়ামের সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি। বিশেষ করে ড্রেসিংরুমে বিদ্যুৎ না থাকা এবং ভেন্যুর ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরে স্টেডিয়ামের প্রশাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে বরখাস্তের ঘোষণা দেন।
এ সময় স্টেডিয়ামের দোকানগুলোতেও বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার নিয়ে সতর্ক করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু দোকানের জায়গা রিকশার গ্যারেজ ও বিভিন্ন কারখানার মতো ব্যবহৃত হচ্ছে। সেখানে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।
এসব অনিয়ম বন্ধ না হলে সংশ্লিষ্ট দোকানের বরাদ্দ বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্টেডিয়ামের জায়গা কোনোভাবেই অননুমোদিত কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে কমলাপুর স্টেডিয়ামের ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে স্টেডিয়ামের দায়িত্ব প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

