অ্যাশেজের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত ওকস

অ্যাশেজের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত ওকস

ঐতিহ্যবাহী অ্যাশেজ যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের মঞ্চ। আর সেই মঞ্চে খেলতে ঝুঁকি নিতেও প্রস্তুত ইংল্যান্ডের ক্রিস ওকস। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে পাওয়া চোটের অস্ত্রোপচার না করিয়ে কেবল পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সাময়িকভাবে সেরে উঠে অ্যাশেজে খেলতে চান ওকস। বিবিসি স্পোর্টকে এমনটাই জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

ওকস বলেন, “চোট কতটা গুরুতর সেটা জানার অপেক্ষায় আছি। তবে আমার মনে হয়, বিকল্প হলো অস্ত্রোপচার করা কিংবা পুনর্বাসনের পথ বেছে নেওয়া এবং যতটা সম্ভব সেরে ওঠার চেষ্টা করা। আমার মনে হয়, স্বাভাবিকভাবেই এর (কেবল পুনর্বাসন) ফলে চোটের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আমি মনে করি এই ঝুঁকি নেওয়া যেতে পারে।”

“ফিজিও ও বিশেষজ্ঞদের কাছ থেকে আমি যেটা শুনেছি, অস্ত্রোপচারের পর পুনর্বাসন তিন থেকে চার মাসের মতো চলতে পারে। যা স্পষ্টতই অ্যাশেজ ও অস্ট্রেলিয়া সফরের কাছাকাছি সময়ে চলে যাবে… আর পুনর্বাসনের মাধ্যমে সম্ভবত ৮ সপ্তাহের মধ্যে চোট কাটিয়ে ওঠা যায়। তাই এটা একটা বিকল্প হতে পারে, তবে এখনও পুরো রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি।”- আরো যোগ করেন তিনি।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওভালে প্রথম দিন ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধে চোট পান ওকস। প্রচণ্ড ব্যথায় সোয়েটারকে স্লিংয়ের মতো বানিয়ে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন তিনি। পার্থে আগামী ২১ নভেম্বর শুরু এবারের অ্যাশেজ সিরিজ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন